Sunday, December 31, 2017

জেএমবির ৩ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়। র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন শিবগঞ্জ উপজেলার ধোবরা এলাকার মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও মোবারকপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন—এমন সংবাদ ছিল। এর ভিত্তিতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার চকলামপুর-কালীনগর রাস্তার কামারদহ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় আমবাগানের ভেতর জেএমবির আট-নয়জন সদস্য বৈঠক করছিলেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে আজিবুল হক ও সাইফুল ইসলামকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল চারটি জিহাদি বই ও তাজামুল হকের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা থেকে ও আটক তিনজনের তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাজামুলকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে আটক সবাই জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। তাঁরা র‍্যাবের হেফাজতে আছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

No comments:

Post a Comment