
বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সম্পদ থাকার বিষয়ে প্রধানমন্ত্রী যা
বলেছেন তা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিত। শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এ মন্তব্য করেন। সৌদি আরবে খালেদা জিয়া পরিবারের সম্পদের তথ্য প্রমাণ
করা যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ
প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, এ সংক্রান্ত তথ্য সরকারের কাছে
আছে। এবং সেটা প্রমাণ করা যাবে। প্রধানমন্ত্রীকে পাঠানো খালেদা জিয়ার উকিল
নোটিশ প্রসঙ্গে মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদার জিয়ার উকিল
নোটিশ দেয়া ঠিক হয়নি বলে আমি মনে করি। উকিল নোটিশের জবাব দেয়া হবে কিনা- এ
প্রশ্নের জবাবে মুহিত বলেন, উকিল নোটিশ উকিলই দেখবেন।
জবাব যথাযথ
আইনগতভাবেই দেয়া হবে। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সৌদি আরবে খালেদা
জিয়া একটি শপিং মলের মালিক এবং সেখানে তার বিপুল সম্পদ রয়েছে। খালেদা জিয়া
টাকা পাচারের সঙ্গেও জড়িত। বিএনপির পক্ষ থেকে এই অভিযোগকে মিথ্যা বলে
প্রতিবাদ করা হয়। একইসঙ্গে এমন অভিযোগ তোলার জন্য প্রধানমন্ত্রীকে গত ২০
ডিসেম্বর উকিল নোটিশ পাঠান খালেদা জিয়া। বিদেশে জিয়া পরিবারের সম্পদের
বিষয়টি গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে আলোচনায় এনেছিলেন সংসদে
বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম। একটি বিদেশি সংস্থার
প্রতিবেদনের (জিআইএন রিপোর্ট) বরাত দিয়ে ফখরুল ইমাম বলেন, সৌদি আরবে খালেদা
জিয়ার নামে শপিং মল আছে। এছাড়া খালেদা জিয়ার দুই ছেলে এবং বিএনপির একাধিক
সিনিয়র নেতার নামে বিদেশে সম্পদ রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে এর
প্রতিকার চেয়েছিলেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপির
চেয়ারপার্সন খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের নামে বিদেশে কী কী সম্পদ
আছে, তা নিয়ে তদন্ত চলছে। সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment